
কোন কর্তৃত্ববলে মোহাম্মদ হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারী টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। তাঁর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গত ১০ এপ্রিল ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী বোরহান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
আইনসচিব, জাতীয় সংসদের স্পিকার, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, মোহাম্মদ হাছান ইমাম খানসহ দশ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী বোরহান খান। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সংসদ সদস্য হাছান ইমাম খান শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন, যা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ও ১৪ ধারার পরিপন্থী। তাই সংবিধানের ৬৬ ও ৬৭ অনুচ্ছেদ অনুসারে তিনি সংসদ সদস্য পদে থাকতে পারেন না—এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসংগতিপূর্ণ তথ্য কী জানতে চাইলে এই আইনজীবী বলেন, ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে স্নাতকের ছাত্র দেখিয়ে হাছান ইমাম একটি কলেজের ছাত্র সংসদের ভিপি হয়েছিলেন। অথচ নির্বাচনী হলফনামায় তিনি ১৯৯৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেছেন বলে উল্লেখ করেছেন।