আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ হাজি সেলিমের স্ত্রী গুলশান আরাকে দুর্নীতির একটি মামলায় গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।আপিলের শর্তে তিনি গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকা বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মনির আহমেদ পাটোয়ারী তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে চিকিৎসা ও প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়ে আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।১৪ কোটি চার লাখ ১৩ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন ও তথ্য গোপনে সহায়তার দায়ে গুলশান আরাকে ২০০৮ সালের ২৭ এপ্রিল তিন বছরের কারাদণ্ড দেন একই আদালত। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর দুদক হাজি সেলিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করে।গতকাল আদালতে উপস্থিত হাজি সেলিম প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন। চলতি বছরের ২ জানুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে তাঁকে খালাস দেন। তাঁকে এই মামলায় ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।