হাটহাজারীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন জসীমকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে উপজেলার লাঙ্গলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা লাঙ্গলমোড়া এলাকায় আনোয়ারকে গুলি করে হত্যা করে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, দেনা-পাওনার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।