পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এস এম হাবিবুল্লাহ হাবিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল বুধবার দুপুরে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সমানে এ কর্মসূচিতে প্রতারণার শিকার শ খানেক লোক অংশ নেন। হাবিব যশোর প্রেসক্লাবের সহসভাপতি।
গত সোমবার দুপুরে প্রতারণার শিকার ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যা ব-৬-এর একটি দল হাবিবকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় ভাড়া নেওয়া দোকানঘর থেকে তাঁকে আটক করা হয়। রাতে কোতোয়ালি থানায় প্রতারণার একটি মামলা দিয়ে পরদিন মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতারণার শিকার যশোর জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামীম পারভেজ বলেন, ‘২০১৪ সালে পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পাতেন হাবিব। আমিসহ যশোরের কয়েক শ মানুষ তাঁর ফাঁদে পা দিই। আমাদের কাছ থেকে ৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে হাবিবের নেতৃত্বে প্রতারক চক্র।’
টাকা দিয়ে চাকরির জন্য তাঁরা প্রায় দুই বছর ধরে হাবিবের কাছে যান। কিন্তু হাবিব তাঁদের চাকরিও দেননি, টাকাও ফেরত দেননি। এ অবস্থায় তাঁরা র্যা বের কাছে লিখিত অভিযোগ জানান। র্যা ব অভিযোগ আমলে নিয়ে হাবিবের দোকানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। অভিযানের সময় হাবিবের দোকান থেকে একটি কম্পিউটার, সেনাবাহিনীর নামে ব্যবহৃত ভুয়া কাগজপত্র, ১০৫টি আবেদনপত্র, পদ্মা সেতু প্রকল্পে চাকরির একাধিক ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।