হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে অর্ধশতাধিক গ্রামবাসী। এই হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার বোয়ালমারী উপজেলার তেলজুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বোয়ালমারী থানার কনস্টেবল হারুন অর রশিদ ও সাখাওয়াত হোসেন। সাখাওয়াতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালমারী থানার কয়েকজন পুলিশ একটি মামলার আসামি আকতাব মোল্লাকে তেলজুরি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় দুর্গাপুর গ্রামের মিরাজ মোল্লা তাঁর চাচা আকতাবকে ছেড়ে দিতে বললে পুলিশ তাঁকে আটক করে। পরে স্থানীয় ৫০-৬০ জন লোক পুলিশের ওপর হামলা চালিয়ে মিরাজ ও আকতাবকে ছিনিয়ে নেয়। এতে হারুন ও সাখাওয়াত আহত হন।