অগ্নিনির্বাপণের জন্য দেশের হাসপাতালগুলোতে কী ব্যবস্থা রয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব তথ্য প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।৯ ডিসেম্বর কলকাতার বেসরকারি আমরি (এএমআরআই) হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮৯ জন মারা যান। এরপর এ বিষয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন গতকাল আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।জানতে চাইলে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিনির্বাপণে কী ব্যবস্থা রয়েছে, তা জানাতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন আকারে বিষয়টি জানাতে বলা হয়েছে। এদিকে গতকাল স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, অগ্নিনির্বাপণ-ব্যবস্থা থাকার বিষয়ে দেশের হাসপাতালগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ নিতে হবে। নতুন-পুরোনো সবাইকে এ সনদ নিতে হবে। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাজধানীর কয়েকটি বড় সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে নিজ দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।অগ্নিনির্বাপণের বিষয়ে রুহুল হক বলেন, সারা দেশে সব হাসপাতালকে এ বিষয়ে সতর্ক করতে সংশ্লিষ্ট পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন লাগলে কী করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হবে।বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি সরকারি ও স্কয়ার, ইউনাইটেডসহ কয়েকটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি অংশ নেন।