মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান সহিংসতার নিন্দা এবং এর ফলে বাংলাদেশের ওপর বহুমুখী প্রভাবের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও উদ্বেগের কথা জানায় ১৮টি সংগঠনের এই ফোরাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। শরণার্থী রোহিঙ্গাদের মধ্যে বিশাল একটি অংশ নারী ও শিশু, যারা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। আরও অনেকে আশ্রয় লাভের আশায় সীমান্তে অপেক্ষা করছে। এসব রোহিঙ্গা অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে খাদ্যাভাবে দিনাতিপাত করছে।