নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের পক্ষে প্রচারণার অভিযোগে সিলেট শহরের লামাবাজার এলাকা থেকে গত শনিবার রাতে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র আশরাফুজ্জামান ও সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহবুব ইকবাল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালি থানার পুলিশের একটি বিশেষ দল ওই দুজনকে আটক করে। তাঁদের কাছ থেকে ধর্মীয় বই ও উসকানিমূলক প্রচারপত্র উদ্ধার করা হয়। এর আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি একই অভিযোগে আশরাফুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে মামলাও হয়েছিল।