১০ দিনের মধ্যে বাঁধ অপসারণ করতে সিডিএকে আলটিমেটাম চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ সভায় বক্তব্য দিচ্ছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী
ছবি: সংগৃহীত

নগরের খালের ভেতর দেওয়া অস্থায়ী বাঁধ অপসারণে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বাঁধগুলোর কারণে জলাবদ্ধতা হলে এর দায়িত্ব সিটি করপোরেশন নেবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে চসিকের ১৬তম সাধারণ সভায় মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন। চট্টগ্রামের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনে সভার আয়োজন করা হয়। এ সময় মেয়র বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। কয়েক দিন আগে এক ঘণ্টার বৃষ্টিতে বহদ্দারহাট, মুরাদপুরসহ অনেক এলাকায় ‘জলজটের’ কারণে নাগরিক ভোগান্তির সৃষ্টি হয়েছে। তা সত্যিকার অর্থে দুঃখজনক।

জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের জন্য খাল ও নালায় বাঁধ দেওয়া হয়েছে উল্লেখ করে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এই বাঁধগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু অপসারণ করা হয়নি। যে কারণে এক ঘণ্টার বৃষ্টিতে জলজট হচ্ছে।

চসিকের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নির্মাণকাজের জন্য ২০টি খালে অন্তত ৩৬টি বাঁধ দেওয়া হয়েছে। এসব বাঁধ চলতি মাসের মধ্যে অপসারণের জন্য সিডিএকে গত বৃহস্পতিবার চিঠি দেয় সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোবারক আলী বলেন, সিটি করপোরেশন ও সিডিএর সমন্বয় সভায় গত এপ্রিলের মধ্যে খালের ভেতর থাকা বাঁধগুলো অপসারণ করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিডিএ তা বাস্তবায়ন করেনি।
সভায় মেয়র বিভিন্ন খাতে কর আদায়ের ওপর গুরুত্ব দেন। এ ছাড়া সাধারণ সভায় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এলইডি বাতি স্থাপনে ভারতীয় ঋণসহায়তায় ২৬১ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র, কাউন্সিলর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী দুই দিনের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের ছবিসংবলিত নাম-ঠিকানা জমা দেওয়ার জন্য সাধারণ সভায় নির্দেশনা দেন চসিক মেয়র।