ভোলার তিনটি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২ জন প্রার্থীর নাম গোপনে ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এঁরা যাতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, এ জন্য প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।
ভোটার তালিকায় নাম না থাকা প্রার্থীর ১১ জন বর্তমান এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও সদস্য ছিলেন।
ভোলার দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। বাছাইয়ে দেখা যায়, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক দেওয়ান, সম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর খোকন, সম্ভুপুর ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হাফিজুর রহমানসহ পাঁচজনের নাম তাঁদের ভোটার তালিকায় নেই। এ ছাড়া দৌলতখান উপজেলার চরখলিফা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আলম হাওলাদার, মো. শাহে আলম হাওলাদার ও আবদুল মালেক এবং লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউপির মো. লোকমান হোসেনের নামও ভোটার তালিকায় নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, একটি কুচক্রী মহল জাল কাগজপত্র ও স্বাক্ষর দিয়ে ১২ জন প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে সরিয়ে অন্য উপজেলায় নিয়ে গেছে। যাতে তাঁরা নির্বাচন না করতে পারেন।