দশ জেলার ১৪টি উপজেলায় আগামী ১৯ মে সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশন এসব উপজেলার তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে ২৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ মে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
১৪টি উপজেলা হলো রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলি; পটুয়াখালীর রাঙ্গাবালী; রাজবাড়ীর কালুখালী; নারায়ণগঞ্জের বন্দর; গাজীপুর সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলাব্যবস্থা আগে যেমন ছিল, এবারও তা-ই থাকবে। বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হবে না।