বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের ১৪টি হিন্দু পরিবারের বেদখল হওয়া ৬০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। কারাগারে বন্দী আবদুর রশিদের দখলে থাকা এসব জমি গতকাল রোববার উদ্ধার করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
প্রশাসন সূত্র জানায়, গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন ও বরগুনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ আবদুর রশিদের দখলে থাকা জমিতে উচ্ছেদ অভিযান চালায়।
ভুক্তভোগী হিন্দু পরিবারের সদস্য ও মামলার বাদী যাদব চন্দ্র সরকার জানান, ৪০ বছর ধরে আবদুর রশিদ চন্দনতলা গ্রামের সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ৬০ শতাংশ জমি ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় দখলে নিয়ে ভোগদখল করছিলেন। গত ১৩ মার্চ ১৪ হিন্দু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করে তাদের জমি ও বাড়িঘর নিজের দখলে নেন।