১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট আহ্বান

জাতীয় মজুরি কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আগামী ১৫ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে পাটকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার তোপখানা রোডের টিইউসি কার্যালয়ে সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা জানান, ধর্মঘটের আগে ৩০ জানুয়ারি করিম জুট মিলস বাদে অন্য সব পাটকলের ফটকে সভা, ৩১ জানুয়ারি দুই ঘণ্টা কর্মবিরতি, ৩ ফেব্রুয়ারি প্রত্যেক শিল্প এলাকায় জনসভা, ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সহিদুল্লা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা হাফিজুর রহমান ভূঁইয়া, লুৎফর রহমান, শফিউদ্দিন আহমেদ প্রমুখ।