ভোটকেন্দ্রে অস্ত্রবাজি

১৫ মাস পর আসামিদের গ্রেপ্তার করল পিবিআই

পিবিআইয়ের হাতে গ্রেপ্তার তিন আসামি
ছবি: সংগৃহীত

১৫ মাস আগে চট্টগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারান হাবিবুর ইসলাম নামের এক যুবক। ওই ঘটনায় করা মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার নগরের লালদীঘির পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. শাখাওয়াত, কামরুল আজাদ ও আজহার উদ্দীন।

পুলিশ জানায়, আসামিদের একজন আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি হয়। কেন্দ্রের পাশে ছিলেন স্থানীয় যুবক হাবিবুর ইসলাম। গুলিতে তিনি প্রাণ হারান। এ ঘটনায় হাবিবুরের মা ছকিনা খাতুন বাদী হয়ে মামলা করেন চন্দনাইশ থানায়। পরে ওই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা ঘটনার দিন হাবিবুরকে গুলি করার কথা স্বীকার করেন। ভোটের দিন তাঁরা ভাড়াটে হিসেবে গিয়েছিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসামিরা অস্ত্রবাজিতে ছিলেন।