মুন্সিগঞ্জের চার খাল

২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার চারটি খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে মিরকাদিম খাল রক্ষা কমিটি তাদের কর্মসূচির চতুর্থ দিনে গতকাল সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছে। স্থানীয় সূত্র জানায়, মিরকাদিম পৌরসভার নয়নের খাল, রিকাবীবাজার খাল, ফেচন্নীর খাল ও গোপপাড়া খাল দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের নির্দেশ গতকাল সোমবার মাইকিং করে এলাকায় প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে ওই ঘোষণা সেঁটে দেওয়া হয়েছে। রিকাবীবাজার ইউনিয়ন পরিষদের সহকারী ভূমি কর্মকর্তা দানেসুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই চারটি খাল থেকে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়া হলে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ভূমি কার্যালয় ইতিমধ্যে ওই খালগুলোর সীমানা নির্ধারণ করে দিয়েছে। অবৈধ স্থাপনাগুলো লাল ক্রস দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এদিকে গতকাল অবস্থান কর্মসূচি পালন করে মিরকাদিম খাল রক্ষা কমিটি। রামগোপালপুরের রিকাবীবাজার খালের ওপর গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত চলে এ কর্মসূচি। খাল রক্ষা কমিটির আহ্বায়ক হেলালউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম, চিত্রশিল্পী আবুল খায়ের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান, ‘নিরাপদ সড়ক চাই’ মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাসুদ ফকরী, মিরকাদিম পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর হাসিনা পারভীন, সানোয়ারা বেগম ও শিউলী আক্তার, নবদয় সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি এম রশীদ খাল রক্ষা কমিটির সদস্যসচিব মাহফুজ আহমেদ, স্কুলশিক্ষক রতন সাহা প্রমুখ।