
২৬ বছর আগে স্ত্রী ও এক বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে এক চা–বাগানশ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। তবে সাজাপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আসামি রৌশন আলীকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। রৌশন আলী ২০১০ সালে জামিনে বের হন। এরপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের জুন মাসে রৌশনের স্ত্রী মমতাজ বেগম তাঁর এক বছরের মেয়ে আকলিমাকে নিয়ে খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যান। স্ত্রী ও মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার ভুজপুরের বাগান বাজারের একটি চা–বাগানে নিয়ে যান রৌশন। সেখানে একটি কূপের ভেতর স্ত্রী ও মেয়েকে ফেলে দিয়ে হত্যা করেন তিনি।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৯৬ সালে মমতাজকে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্যকলহ তৈরি হয়। এদিকে মেয়ে ও নাতনি নিখোঁজ হওয়ার ঘটনায় ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মমতাজের বাবা। পরের বছরের ২২ ফেব্রুয়ারি রৌশনকে বাগান বাজার এলাকায় দেখতে পেয়ে তাঁকে ধরে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান এলাকাবাসী। সেখানে স্ত্রী–সন্তানকে হত্যার কথা স্বীকার করেন তিনি। রৌশনের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের হাড় ও মাথার খুলি উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ১৯৯৮ সালের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।