
২৮ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই চিকিৎসকদের সবাই ৩৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা বদলির নোটিশ জারি করে। কাল মঙ্গলবার থেকে এই চিকিৎসকেরা নতুন কর্মস্থলে যোগ দেবেন।
২৮ চিকিৎসকের মধ্যে নয়জনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অন্যদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।
চিকিৎসকদের মধ্যে নয়জন স্বাস্থ্য অধিদপ্তরে, একজন ঢাকার সিভিল সার্জন কার্যালয়ে ও ১৮ জন বসুন্ধরা আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা (বদলি) অধিদপ্তরের নিয়মিত কাজ।’
আগে বিমানবন্দরে যতজন চিকিৎসক ছিলেন, তাঁদের অন্যান্য জায়গায় পদায়ন করা হয়। কারণ, বিমান চলাচল স্বাভাবিক ছিল না। এখন বিমানবন্দর থেকে চিকিৎসকের চাহিদা দেওয়া হয়েছে।
বসুন্ধরাতেও আগে প্রায় ২০০ চিকিৎসক দেওয়া হয়েছিল। সেখানে অত চিকিৎসক প্রয়োজন নেই বলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হলো। এই চিকিৎসকেরা কোভিড-১৯-এর চিকিৎসা দেবেন।
কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার ভুয়া সনদ নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ায় ইতালিসহ কমপক্ষে চারটি দেশে অভিবাসীদের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে।
অন্যদিকে, দুই হাজার শয্যার বসুন্ধরা আইসোলেশন সেন্টারে ভর্তি রোগীর সংখ্যা হাতে গোনা।