২৯তম বিসিএসে ১,৪৮০ জনকে নিয়োগ

২৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ এক হাজার ৪৮০ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের আগামী ১ আগস্ট পূর্বাহে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে।গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে। তবে আদেশটি প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পররাষ্ট্র ক্যাডারে ১৩, প্রশাসনে ১৭৭, পুলিশে ৩৩ ও কর ক্যাডারে ২৫ জন রয়েছেন। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে ২৯তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হয় ২০০৯ সালের আগস্টে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাকরির জন্য সুপারিশ করে পিএসসি।