৪টি পদক পেল বাংলাদেশ

১ নম্বরের জন্য আসিফ-ই-ইলাহীর স্বর্ণপদক এবং ১ নম্বরের জন্য আহমেদ জাওয়াদের রৌপ্যপদক হাতছাড়া হওয়ার মাধ্যমে শেষ হলো বাংলাদেশ দলের গণিত অভিযান। হংকংয়ে অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ শেষ পর্যন্ত একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ এবং দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।

বাংলাদেশ দলের আসিফ-ই-ইলাহী চারটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করে ২৮ নম্বর পায়। স্বর্ণপদকের জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৯ নম্বর। তাই তাকে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এ বছরই প্রথমবারের মতো অংশ নেওয়া আহমেদ জাওয়াদ চৌধুরী পায় ২১ নম্বর। আর একটি নম্বর পেলে সে পেত রৌপ্যপদক। তাই তাকেও ব্রোঞ্জপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

দেশের জন্য অপর দুটি ব্রোঞ্জপদক পেয়েছে সাব্বির রহমান (প্রাপ্ত নম্বর ১৯) ও সাজিদ আখতার (১৬)। বাংলাদেশের আরও দুই প্রতিযোগী সানজিদ আনোয়ার (১৩) ও এস এম নাইমুল ইসলাম (১৫) পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। আসিফ-ই-ইলাহীর ২৮ নম্বর এ-যাবৎকালের বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ। এর আগে আর্জেন্টিনার আইএমওতে ধনঞ্জয় বিশ্বাস ২৫ নম্বর পেয়েছিল।

এবার মোট ১১২ পয়েন্ট পেয়ে ১০৯টি দেশের মধ্যে বাংলাদেশের দলীয় অবস্থান ৩৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১৩ নম্বর পেয়ে ৩৪তম, শ্রীলঙ্কা ৬৬তম ও পাকিস্তান ৯১তম। এবার মোট ২১৪ নম্বর পেয়ে দলীয় শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। ২০৭ নম্বর পেয়ে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় ও ২০৪ নম্বর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীন।

ফলাফল ঘোষণার পর বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার বলেন, ‘স্বর্ণপদক না পেলেও এবারই প্রথম আমাদের কোনো প্রতিযোগী চারটি সমস্যার সমাধান করেছে। আমাদের সবচেয়ে নতুন যে প্রতিযোগী সে-ও ২১ নম্বর পেয়েছে। এর অর্থ হলো, আমাদের প্রতিযোগীদের সক্ষমতা ও দক্ষতা বাড়ছে।’

ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গণিত দলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৭তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।