২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে তথ্য অধিকার আইন অনুযায়ী ৭৬ হাজার ৪৩ জন মানুষ তথ্য চেয়েছেন। এর মধ্যে তথ্য পেয়েছেন ৯৬ দশমিক ১০ শতাংশ মানুষ।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান। আগামীকাল বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকেরা তথ্য অধিকার আইনানুযায়ী তথ্য নিয়ে জঙ্গি দমনে ভূমিকা রাখতে পারেন। এখন জঙ্গি ও সন্ত্রাসীরা সরকারের শত্রু।
কারও নাম উল্লেখ না করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গিকে ভালো মানুষ সাজানোর মিথ্যাচার হচ্ছে। পিতা-মাতা স্বীকার করলেও রাজনৈতিক কর্মী বানানোর চেষ্টা হচ্ছে। মিথ্যাচার ও খণ্ডিত তথ্যই এখন বড় চ্যালেঞ্জ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সঠিক তথ্য সরবরাহের জন্য কোনো সাংবাদিক নিগৃহীত হয়েছেন বলে তাঁর জানা নেই।
আগামীকাল তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তথ্যমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল এই অনুষ্ঠান হবে।
প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান জানান, দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান ছাড়াও শোভাযাত্রা, সমাবেশ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, টক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।