বাংলাদেশ থেকে ৬৭ জন চিকিৎসক নিতে চায় মালদ্বীপ সরকার। দেশটির জনগণের জন্য অধিকতর স্বাস্থ্যসেবা পেতে এই সংখ্যক চিকিৎসককে নিতে চায় দেশটি। মালদ্বীপের হাবিরু ডটকম নামে একটি বার্তা সংস্থা গতকাল সোমবার এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, চিকিৎসক নেওয়ার ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল কাজী সারওয়ার হোসেইন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে তিনি এ দেশের চিকিৎসকদের নিতে মালদ্বীপ সরকারের আগ্রহের কথা রাষ্ট্রপতিকে জানান। মালদ্বীপের বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ বিষয়টি প্রকাশ করেন।
ইহসানুল করিম বলেন, বাংলাদেশের ৬৭ জন চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ক্লাব ও হাইকমিশনের যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া চলছে।