
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে দুটি বিদ্যালয়সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে কয়েকটি জাতের গাছের ৩০০টি চারা রোপণ করা হয়েছে।
গতকাল শনিবার জেলার বিজয়নগর উপজেলার দত্তখোলায় র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৫০টি, শহরের ভাদুঘর এলাকায় মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ে ৫০টি এবং জেলা নির্বাচন কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে ১০০টি গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা।
প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে গাছ মানুষের নানা উপকারে আসে। এ কারণে ভবিষ্যতেও এ সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে আরও বৃক্ষ রোপণ করা হবে বলে জানান এর সদস্যরা।