বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বিপর্যস্ত। জনশিক্ষার অবস্থা শোচনীয়। গণতন্ত্রের এই বিপর্যয়ের জন্য কোনো একটি দল বা সরকার দায়ী নয়। সবাই দায়ী এবং গোটা রাজনৈতিক ব্যবস্থাই এর জন্য দায়ী।
‘শিক্ষা ও গণতন্ত্র: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতায় লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা জেসমিন চৌধুরী ট্রাস্টি বোর্ড ও আধুনিক ভাষা ইনস্টিটিউট গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে ২৩তম বারের মতো এ বক্তৃতার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘উচ্চশিক্ষিত হওয়ার পর আমাদের জনবিচ্ছিন্ন হওয়ার কারণ খুঁজে বের করা প্রয়োজন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।