সিলেট নগর থেকে রাতারগুল, বিছনাকান্দি, লালাখালসহ বিভিন্ন দর্শনীয় স্থানের পর্যটনকেন্দ্রিক তথ্যাবলি নিয়ে যাত্রা শুরু করেছে ‘ভিজিট সিলেট’ নামের একটি ওয়েবসাইট। গত সোমবার রাতে নগরের কিনব্রিজ এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। উদ্যোক্তারা জানান, সিলেটের পর্যটন নিয়ে এটিই প্রথম ওয়েবসাইট। এখানকার পর্যটনকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলা ও আগত পর্যটকদের তথ্য-সংক্রান্ত জটিলতা দূর করতেই এটি তৈরি করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এটিতে বিভিন্ন তথ্য সংযোজন করা হবে। অনুষ্ঠানে ওয়েবসাইটের অন্যতম উদ্যোক্তা হাসান মোরশেদ এবং এন আই চৌধুরী বক্তব্য দেন।