প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, বেতনবৈষম্য দূর করা, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান৷
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে শিক্ষকসমাবেশ ও আলোচনা সভায় মন্ত্রী এ আশ্বাস দেন৷ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে৷
সভায় মোস্তাফিজুর রহমান বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে৷ কারণ, প্রাথমিক পর্যায়েই একজন শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটে৷ আর শিক্ষার মান বাড়লে শিক্ষকদেরও সব দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার৷
সভায় সাংসদ শিরীন আখতার বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন পাঠদানের মাধ্যমে একটি আদর্শ জাতি গঠন করা সম্ভব৷ এ জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে৷ সেই সঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে পদোন্নতির ব্যবধান কমিয়ে আনতে হবে৷
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদস্যসচিব মোহাম্মাদ শামছুদ্দীন প্রমুখ
বক্তব্য দেন৷