
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এই তিন দিনের তথাকথিত হরতালে অনাসৃষ্টির কারণে সারা দেশে এ পর্যন্ত যে ১১ জন নিহত হয়েছেন, তাদের পক্ষ থেকে কেউ মামলা করলে সরকার সহযোগিতা করবে। আর কেউ যদি মামলা না করে, তবে সরকার ১১ জন হত্যার বিচার করবে ও আইনি ব্যবস্থা নেবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার, সরকার তা-ই করবে। ‘ও লেভেল’ ও ‘এ লেভেল’ পরীক্ষার্থীদের হরতালের আওতামুক্ত রাখার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিরোধী দল দেশের পরীক্ষার্থীদের কথা ভাবেনি। তিনি অভিযোগ করে বলেন, বিদেশি প্রভুদের তুষ্ট রাখতেই তারা এ কাজ করেছে।