চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের নামে করা ‘গায়েবি’ মামলা প্রত্যাহারের দাবি তুলেছে দলটি। এসব মামলা প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্ট থানা ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন বিএনপির নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, যেসব থানায় ‘গায়েবি’ মামলা হয়েছে, সব কটি থানা ঘেরাও করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচনের দাবিতে বর্তমান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করছে বিএনপি।
আন্দোলনে মানুষের আস্থা দেখে ক্ষমতাসীন দলের লোকজন মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন থেকে দূরে রাখার পাঁয়তারা শুরু করছেন—এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানার ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ৫টি মামলা করা হয়েছে।
প্রতিটি মামলায় বাদী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এজাহারে যা বলা হয়েছে, তা ‘মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট’।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন, এস এম মামুন, নাজমুল মুস্তাফা, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে গতকাল বুধবার গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।