রাজধানীর মিরপুরের তালতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলিসহ মো. আলাল (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা–পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা–পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আলালের বিরুদ্ধে ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ আগের সাতটি মামলা রয়েছে। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার আলালকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।