
রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়া মামলার বাদী হিসেবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ মন্তব্য করেন।
আইসিজের রায় অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘প্রক্রিয়া অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে আমরা জোরালো পদক্ষেপ নেব। তখন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনকে নিয়ে কাজ করব। এখানে অনেকগুলো সংস্থাকে যুক্ত করার প্রক্রিয়া লাগবে।’
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আইসিজের রায়ের বড় অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের আগামীকাল ফেরত পাঠালেই সেটা নিরাপদ হবে না। তাই রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের, যেখানে তারা যেতে পারবে এবং জীবন যাপন করতে পারবে।’ এ জন্য বাংলাদেশ জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী। তাই অংশীদারদের সঙ্গে বিস্তৃত ও বহুমুখী পরিসরে কাজ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আইসিজে। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চরম নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। পরের কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া।
সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার আইসিজে রায় দিলেন। মিয়ানমার জেনোসাইড সংঘটনে দায়ী—৯ জন বিচারক এই রায়ের পক্ষে মত দিয়েছেন। আর রায়ের বিপক্ষে মত দিয়েছেন ৬ জন বিচারক। আইসিজে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করলেন।