রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ত্রৈমাসিক অপরাধবিষয়ক সম্মেলন। ২৯ আগস্ট
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ত্রৈমাসিক অপরাধবিষয়ক সম্মেলন। ২৯ আগস্ট

অপরাধবিষয়ক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস–সংকটকে ইস্যু করে অস্থিতিশীলতা হতে পারে

বিদ্যুৎ ও গ্যাস–সংকটকে ইস্যু করে যাতে কোনো মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে পুলিশকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ত্রৈমাসিক অপরাধবিষয়ক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন। সম্মেলনে দেশে উগ্রবাদের বিরুদ্ধে সতর্ক থাকতেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে মিলনায়তনের সামনে সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে বলেন, সারা দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। তথ্য দিয়ে সহযোগিতা করলে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আগের একটা ডিরেকশন (নির্দেশনা) ছিল। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটি ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি
সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সকাল ১০টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে সারা দেশের অপরাধসংক্রান্ত বিষয়ে ত্রৈমাসিক সম্মেলন শুরু হয়। এতে দেশের পুলিশের ৮টি রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ৯টি মহানগরের পুলিশ কমিশনার, ৬৪ জেলার পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট হতে পারে। এটাকে ইস্যু করে কোনো মহল যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে পুলিশকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কাছে জানতে চান, খুলনায় প্রতিদিন খুন হয়, আপনারা কী করেন? তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সময় দিয়ে মঞ্চে ডেকে এনে তাঁদের (খুলনার) কথা শোনেন।

থানার যানবাহনের সংকট সমাধানের অশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যেসব পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন, যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের বাদ দিয়ে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পদোন্নতি জটের সমাধান করা হবে।

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আগের একটি ডিরেকশন (নির্দেশনা) ছিল। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি।’

সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজি ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে যেসব অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে, যারা জমা দেয়নি নির্ধারিত সময়সীমার মধ্যে, এগুলো অলরেডি অবৈধ অস্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এগুলোও অবৈধ অস্ত্র। সেগুলোও উদ্ধার করা হবে।

ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অপরাধ দমনে নির্দেশ আইজিপির

ত্রৈমাসিক অপরাধসংক্রান্ত সম্মেলনে আইজিপি আলী হোসেন ফকির বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, পুলিশ দেশের জন্য, জনগণের কল্যাণে কাজ করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধচিত্র সভায় উপস্থাপন করেন।

সভায় পিবিআইপ্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, সিআইডিপ্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, এসবিপ্রধান সরদার নুরুল আমিন প্রমুখ নিজ ইউনিট সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ ২০২৬ পালনকালে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়। আইজিপি তাঁদের ব্যাজ পরিয়ে দেন।