
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ আদেশ ১২ আগস্ট থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে অধ্যাপক মো. আজম খান বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে কর্মরত। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘সাদা দল’-এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম তদারক করবেন।