সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ১৬ ফেব্রুয়ারি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ১৬ ফেব্রুয়ারি

সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি জানাতে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব

সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ ঘিরে অন্তর্বর্তী সরকারের দিক থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব বিষয়ে বিএনপিকে জানাতে আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় নাসিমুল গনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

নাসিমুল গনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া সংসদ সদস্যদের শপথ সংসদের শপথকক্ষে আর মন্ত্রীদের শপথ বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুষ্ঠানের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু নতুন পরামর্শ এসেছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। পরদিন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আর বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।