উপমা অধিকারী
উপমা অধিকারী

১৯৭১: তরুণের চোখে

সংগ্রামের ইতিহাসই আমাদের পরিচয়

মুক্তিযুদ্ধ তো মায়ের জন্য লড়াই। তাই লিখতে শুরু করেই মনে পড়ে গেল মায়ের মুখে শোনা একটা গল্পের কথা। তখন মুক্তিযুদ্ধ চলছে। পাকিস্তানি মিলিটারি পাশের গ্রামে ঘাঁটি গেড়েছে। লুটপাট শুরু হয়েছে বলে সবাই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সমস্যা হলো, এক বাড়ির নয়-দশ বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে। মেয়েটা প্রতিবন্ধী। ভয় পেলে চিৎকার করে। তাই সঙ্গে নিয়ে গেলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা বেশি। উপায়ান্তর না দেখে মেয়েকে আর মেয়ের থুত্থুড়ে বুড়ি ঠাকুমাকে বাড়িতে রেখেই সবাই চলে যায়। এরপর যেদিন সবাই ফিরে আসে, দেখে, মেয়েটা মারা গেছে। কেউ বলে ভয় পেয়ে, কেউ বলে ধর্ষণের শিকার হয়ে।

পরিবারটাকে আমি চিনি। এখন যখন তাদের দিকে তাকাই, আমার মনে পড়ে যায় হাঙর নদী গ্রেনেড উপন্যাসের সেই দৃশ্যের কথা, যেখানে মা তার প্রতিবন্ধী সন্তানকে মিলিটারিদের কাছে ধরিয়ে দেয়। পরিস্থিতি ভিন্ন, কিন্তু বিষয়বস্তু তো একই, নৈতিক দ্বন্দ্ব। ঠিক কতটা অসহায়ত্বের শিকার হলে এ রকম নির্মম নৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হতে হয় মানুষকে?

যুদ্ধ সরলরৈখিক কোনো ব্যাপার নয়, যদিও পরে অনেকে মুক্তিযুদ্ধকে একটা ছাঁচে ফেলার চেষ্টা করেছে। তা করতে গিয়ে কখনো শাসকের পক্ষের বয়ান লেখা হলো, কখনো বা নিজের পক্ষপাতই চাপিয়ে দেওয়া হলো। এরপর বইয়ের পাতায় সঠিক ইতিহাস খুঁজতে খুঁজতে যখন হাঁপিয়ে যাই, আবার ফিরে আসি জনসাধারণের গল্পে।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগপর্যন্ত যুদ্ধ তো কেউ চায় না। এ দেশের মানুষের সংগ্রাম তো একাত্তরে হঠাৎ করেও শুরু হয়নি, হয়েছে সেই বায়ান্নতে। কিন্তু ক্রমাগত নিজেদের গণতান্ত্রিক অধিকার আর অর্থনৈতিক স্বার্থ খর্ব হতে হতে পাকিস্তানি শাসনের সঙ্গে যখন আর পেরে ওঠা গেল না, তখনই শুরু হলো যুদ্ধ।

মনে পড়ে আমার গ্রামের এক দাদুর কাছে শোনা গল্প। তাদের কয়েকটা পরিবার যখন গ্রাম ছেড়ে পালাচ্ছে, পথে জন্ম হয় ওনার ছোট্ট ভাইয়ের। ওনার বাবা ছিলেন বাস্তববাদী মানুষ। বাচ্চাটাকে ফেলে যেতে বলেন। এত রাস্তা কীভাবে বয়ে বেড়ানো যাবে এই ছোট শিশুকে? বাকি সন্তানদের নিরাপত্তার ঝুঁকিই তো বাড়বে শুধু। সঙ্গেই ছিলেন আরেক প্রতিবেশী। দাদু তাঁকে ডাকত মকবুল ভাই। একা মানুষ। তিনি বাচ্চাটার দায়িত্ব নিলেন।

মুক্তিযুদ্ধ বলতে আমার কাছে ছিল আত্মীয়স্বজনের কাছে শুনে আসা এসব স্মৃতিই। আবার কখনো বা সাহিত্য, নাটক, সিনেমায় খুঁজে বেড়াতাম ইতিহাসকে। পরে যখন বুঝলাম যে বেশির ভাগই একপক্ষীয় বয়ান, প্রতারিত বোধ করতাম।

তৃতীয়-চতুর্থ শ্রেণিতে যখন পড়ি, ছোট হলেও লক্ষ করেছিলাম, পাঠ্যবইয়ের বয়ানে হঠাৎ একটা পরিবর্তন। খটকা লেগেছিল অল্প। তবে মনে আছে, কোনো পাঠ্যবই-ই আমার কাছে মুক্তিযুদ্ধকে অতটা আপন করে তুলতে পারেনি, যতটা পেরেছিল আমার মা-দাদুর গল্পগুলো।

এরপর তো মুক্তিযুদ্ধ বলতে শুধু থেকে গেল চেতনা। আর চেতনা-ব্যবসার বিপরীতে মুক্তিযুদ্ধকে খারিজ করে দেওয়ার রাজনীতি। যে সংগ্রামের ইতিহাস আমাদের রক্তে বহমান, তার সঙ্গেই একধরনের বিচ্ছিন্নতা ঘটে গেল। নিজের পরিচয়ের ওপরই আর অধিকার থাকল না, বরং নানা সংশয় তৈরি হলো। এই সংশয় দূর করার কেউ ছিল না, কিন্তু বাড়ানোর জন্য তৈরি ছিল অনেক রকম বয়ান। সেগুলোতে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে জনমানুষের সংগ্রাম হয়ে পড়ে অনুপস্থিত, আলোচিত হয় না দাসপার্টির জগৎজ্যোতি দাসের কথা কিংবা হারিয়ে যায় মুক্তিযুদ্ধে বামপন্থী দলগুলোর অবদান। উপেক্ষিত থেকে যায় হাজারো খেটে খাওয়া মানুষের মতো আমার পিসেমশাইয়ের গল্প, যিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে বন্দী হয়েছিলেন পাকিস্তানি মিলিটারিদের হাতে। ঘটনার তীব্রতা আর আবেগ পর্যবসিত হলো শুধু কিছু সংখ্যায় আর শুষ্ক কালির লেখায়।

ব্যাপারটা কীভাবে ঘটেছে, জুলাই-পরবর্তী ঘটনাপ্রবাহ দেখে কিছুটা বুঝতে পারি। গণ-অভ্যুত্থানের পাঁচ মাসও হয়নি, কিন্তু এর মধ্যেই এত ধরনের বয়ান চলে এসেছে, যার অনেকগুলোরই সত্য-মিথ্যা পার্থক্য করা কঠিন। সংগ্রাম করে সবাই, কিন্তু বয়ান তৈরির পেছনে হাত থাকে অল্প কিছু মানুষের। কখনো তারা শাসনের বৈধতা দিতে বয়ান বানায়, কখনো নিজের ভাবনাচিন্তা চাপিয়ে দিয়ে সরলরৈখিক ইতিহাস রচনা করে।

ঢাকা শহরে বড় হওয়া শহীদ শাফী ইমাম রুমী আর গ্রামের কৃষক মুক্তিযোদ্ধার দর্শন আর বোঝাপড়া নিশ্চয়ই এক ছিল না। এক ছিল তাঁদের নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম আর সুন্দর একটা দেশের স্বপ্ন। সেই সংগ্রাম আর স্বপ্নের ইতিহাসই আমাদের আত্মপরিচয়। আমাদের সেই পরিচয় কেড়ে নিয়ে যাতে কেউ সুবিধা ভোগ না করতে পারে, সে দিকে লক্ষ রাখাই এখন গুরুত্বপূর্ণ।

  • উপমা অধিকারী শিক্ষার্থী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়