বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের অবস্থান কর্মসূচি

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার এস এস ক্রিয়েটিভ স্টিজ পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জে বাংলাদেশের নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

ওই কারখানার শ্রমিক নাহিদ হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জেলা কমিটির সদস্য জাকির হোসেন, এম এ শাহীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এস এস ক্রিয়েটিভ স্টিজ কারখানার শ্রমিক ফয়সাল, জান্নাত আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকেরা আজ দিশেহারা। চরম সংকটে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান বাজারে শ্রমিকেরা যে টাকা মজুরি পান, সেই টাকা দিয়ে মাসের ১৫ দিনও চলতে পারেন না। আধা পেট খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছেন। এ পরিস্থিতির মধ্যে সিদ্ধিরগঞ্জের এস এস ক্রিয়েটিভ স্টিজ কারখানার মালিক শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছেন। এতে কারখানার দেড় শতাধিক শ্রমিক-কর্মচারীর না খেয়ে মরার অবস্থা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, সংকট নিরসনে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত দপ্তর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসককে স্মারকলিপির মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নিতে বিকেএমইএর প্রতি অনুরোধ জানান। অন্যথায় আন্দোলনে নামবেন তাঁরা।

এ বিষয়ে এস এস ক্রিয়েটিভ স্টিজ পোশাক কারখানার মালিকপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) বশির আহমেদ প্রথম আলোকে বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে উদ্যোগ নেওয়া হবে।