অসুস্থ থাকায় আজ মঙ্গলবার আদালতে আসতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা তাঁর মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়েছে। আগামী ৯ আগস্ট শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন আদালত।
আজ শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালত এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নার্গিস পারভীন এ তথ্য নিশ্চিত করেন।
নার্গিস পারভীন বলেন, আজ মামলাটির শুনানির দিন ধার্য ছিল। পরীমনি অসুস্থ। তাই আদালতে আসতে পারেননি। এ জন্য তাঁর পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন। পরবর্তী দিন রেখেছেন আগামী ৯ আগস্ট।
আবেদনে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি পরীমনির অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে। এ কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারছেন না।
এর আগে গত বছরের ২৬ মে একই মামলার শুনানিতে আদালতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমনি। এ কারণে ওই দিন শুনানি করা সম্ভব হয়নি। ওই দিন পরীমনিকে জেরা করার কথা ছিল।
বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী, শাহ শহিদুল আলমসহ ৬ জনের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় মামলা করেন পরীমনি। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসির, তুহিন সিদ্দিকী ও শাহ শহিদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নেন আদালত। ২০২২ সালের ১৮ মে তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯।
মামলায় পরীমনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন রাতে তাঁকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তাঁর পূর্বপরিচিত তুহিন। সেখানে তাঁকে জোর করে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়।
এদিকে ওই ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। এ মামলায় জামিনে আছে পরীমনি।