মদনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে আহত ১৮

মদন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে উত্তেজনা দেখা দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আজ দুপুরে উপজেলার শাহপুর ঈদগাহ মাঠ এলাকায়
ছবি: প্রথম আলো  

নেত্রকোনার মদনে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় গুলিতে বিএনপির দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। বেলা ১১টায় চানগাঁও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একই স্থানে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘণ্টাখানিক পাল্টাপাল্টি ধাওয়া চলে এ সময় তিন পুলিশসহ অন্তত ১৮ জন আহত হন। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম, কনস্টেবল আজিজুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী শরিফুল ইসলাম, রিপন মিয়া, বুলবুল আহমেদ, রোকন মিয়া, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন ও সাগর মিয়াকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির আহত সাত নেতা-কর্মী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। পরে আমাদের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান বলেন, তাঁদের নেতা-কর্মীদের দেখে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাঁদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। তাঁদের আট নেতা-কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করার খবর পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এতে আমি ও আমার দুই পুলিশ সদস্য আহত হয়েছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’