মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী (ডানে)। বাংলা একাডেমি, ঢাকা; ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী (ডানে)। বাংলা একাডেমি, ঢাকা; ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

আজ বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা–সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে বইমেলা পেছানো এবং স্টলভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বইমেলায় অংশ নিতে যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেয়নি, তাঁদের আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আগামীকালই সন্ধ্যা ছয়টায় তাঁদের স্টল বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা ঈদের পরে করার দাবি জানিয়ে আসছিলেন প্রকাশকদের একাংশ। অন্যথায় বইমেলায় অংশ নেওয়া সম্ভব হবে না বলেও ঘোষণা দেন। এ জন্য বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপও চেয়েছিলেন তাঁরা।