সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করে কাজ দ্রুত শেষ করা, শূন্য পদ দ্রুত পূরণ এবং বিদ্যমান বিদ্যুৎ-জ্বালানি সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের ওপর জোর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অধিকাংশ সচিব উপস্থিত ছিলেন।
সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক। মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা এতে অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে এ সভায় আলোচনা হয়।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রথম আলোকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করে কাজ দ্রুত করা, শূন্য পদ পূরণসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন এবং খাল খননের কাজ ঠিকমতো করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত একজন সচিব প্রথম আলোকে বলেন, আগামী এক-দুই মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির যথেষ্ট উন্নতির লক্ষ্যে সৌর প্যানেল স্থাপনের জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
ওই সচিব আরও বলেন, ক্রয়নীতি অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ক্রয়সংক্রান্ত কাজ সম্পন্ন করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিজিটাল হাজিরা নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এবারের সচিব সভার আলোচ্যসূচিতে ছিল সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করা। জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনার বিষয়টিও আলোচ্যসূচিতে ছিল।
এ ছাড়া ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে আলোচনা এবং সরকারের কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়ও সভার আলোচ্যসূচিতে ছিল।