শ্রম অধিকার, শিল্প খাতে শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম–সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম–সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্প খাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্প খাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনায় আইএলওর শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ ও শোভন কর্মসংস্থানের লক্ষ্য এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক মিলের বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষ শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্প খাতে স্থিতিশীলতা এবং শ্রম–সম্পর্কিত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করে।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপমহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, উপমহাপরিদর্শক হারুন-উর-রশিদ হাযারী, উপমহাপরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম উপস্থিত ছিলেন।