রোহিঙ্গা আশ্রয়শিবির
রোহিঙ্গা আশ্রয়শিবির

উখিয়ার আশ্রয়শিবির

এপিবিএনের সঙ্গে গোলাগুলি, আরসার ‘গান কমান্ডার’ নিহত

কক্সবাজারের উখিয়ার থাইংখালীর তাজনিমারঘোনা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল মোনাফ (২৭)। এপিবিএন বলছে, নিহত আবদুল মোনাফ আরসার ‘গান কমান্ডার’। মোনাফের বিরুদ্ধে চারটি হত্যা, একটি অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।

মোনাফ তাজনিমারঘোনা আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের রোহিঙ্গা আজিম উল্লাহর ছেলে। আজ বুধবার সকাল ছয়টার দিকে আশ্রয়শিবিরের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএন কর্মকর্তারা জানান, গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পাশের পাহাড়ে আত্মগোপন করে। এ সময় আশ্রয়শিবিরের রোহিঙ্গা রাজীব আহমদের বাড়ির পাশে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল মোনাফকে পাওয়া যায়। মোনাফের হাতের কাছে পাওয়া যায় একটি নাইন এমএম পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন। গুলিবিদ্ধ মোনাফকে দ্রুত উদ্ধার করে আশ্রয়শিবিরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে আশ্রয়শিবিরের একটি আস্তানায় সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসে। খবর পেয়ে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা এপিবিএনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে সন্ত্রাসীরা পাহাড়ে উঁচু স্থানে উঠে এপিবিএনের দিকে গুলি ও পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পাহাড়ের চারদিক ঘিরে ফেললে সন্ত্রাসীরা কাঁটাতারের বেড়া দিয়ে পাশের পাহাড়ে আত্মগোপন করে। পরে ক্যাম্পে তল্লাশি চালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় আরসার গান কমান্ডার ও শীর্ষ সন্ত্রাসী আবদুল মোনাফকে পাওয়া যায়।

এপিবিএন অধিনায়ক বলেন, সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে এপিবিএন তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। গত ৪২ দিনে ২০ কেজি বিস্ফোরক, ৯টি অস্ত্র, ২১টি গুলিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য নিহত আবদুল মোনাফের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আগের দিন মঙ্গলবার উখিয়ায় মধুরছড়া আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৈয়দ আমিন (৩৫) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের রোহিঙ্গা  নুর আহমেদের ছেলে। নিহত সৈয়দ আমিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য। আরসা সন্ত্রাসীরা ছৈয়দ আমিনকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে।

গত সোমবার  একই আশ্রয়শিবিরে আরসার সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আরএসওর আরও ৩ সদস্যকে। গুলিবিদ্ধ হন আরও সাতজন রোহিঙ্গা।

পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১১ জুন পর্যন্ত পাঁচ মাসে সশস্ত্র গোষ্ঠীর গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ২২ জন রোহিঙ্গা খুন হয়েছেন। আশ্রয়শিবিরের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার এবং মাদক বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা ও চাঁদাবাজির ঘটনার জের ধরে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।

বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। দীর্ঘ সাড়ে ছয় বছরেও একজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।