
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এত দিন প্রলয় কুমার সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও প্রলয় কুমার কর্মস্থলে যোগ দেননি। কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাঁর স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অবজ্ঞার শামিল।
পরে প্রলয় কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।
এদিকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পুলিশের মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই সাত কর্মকর্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
চাকরি থেকে বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক উপকমিশনার (ডিসি) নাজমুল ইসলাম, রংপুর জেলায় সিআইডিতে কর্মরত সাবেক সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৬ সাল থেকে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দিতেন না। দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতির কারণে বিভাগীয় তদন্ত শেষে তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।’
সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগের বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি সিআইডিতে কর্মরত থাকাকালে অনুমতি ছাড়া কর্মস্থলের বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করেন। সেখানে লোকজনকে আটকে মারধর ও টাকা দাবি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ফৌজদারি মামলা হয়। পরে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান উচ্চতর চিকিৎসার অজুহাতে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে ৬০ দিনের বেশি সময় অনুপস্থিত ছিলেন। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।