
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সাবেক কান্ট্রি ম্যানেজার (লন্ডন স্টেশন) আখতার উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে সরকারের প্রায় কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এ মামলাটি করেন। মামলায় আখতার উদ্দিন আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অফিস যন্ত্রপাতি ও টেলিফোন সিস্টেম সেবার লিজ চুক্তির মাধ্যমে সরকারের ৯৬ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, আখতার উদ্দিন আহমেদ ১৯৯৩-১৯৯৮ সালে বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ওই সময় বিমানের সিটি অফিসের জন্য অফিস ইকুইপমেন্ট ও টেলিফোন সিস্টেমের জন্য ত্রৈমাসিক ২ হাজার ১২৫ পাউন্ড স্টার্লিং ভাড়ার ভিত্তিতে তিনটি কোম্পানির সঙ্গে লিজ চুক্তি করেন। ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। তিনি এবি সার্ভিসেসের পক্ষে কেভিন লুইসের মাধ্যমে বিরাজমান সব চুক্তি অবসান করে নতুন চুক্তি স্বাক্ষর করেন। নতুন চুক্তিতে পুরোনো ত্রৈমাসিক ভাড়ার পরিবর্তে ১০ হাজার ৫০৬ পাউন্ড করা হয়। একই সঙ্গে ব্যাংক হিসাব খাত থেকে সরাসরি ডেভিড পদ্ধতিতে ভাড়া পরিশোধের শর্ত অন্তর্ভুক্ত করা হয়; যা আগের চুক্তিতে ছিল না।
মামলায় বলা হয়েছে, আখতার উদ্দিন আহমেদ বিমানের প্রধান কার্যালয়ের অনুমোদন না নিয়ে আইনজীবীর মাধ্যমে কেবিন লুইসের বিরুদ্ধে মামলা করেন এবং ওই চুক্তির অধীনে ভাড়া দেওয়া বন্ধ রাখেন। কিন্তু চুক্তিপত্রে আখতার উদ্দিন আহমেদের স্বাক্ষর থাকায় সব পক্ষের সম্মতিতে ‘সেন্টার ফর ডিসপুট রেজল্যুশনস’–এর মাধ্যমে প্রতি ত্রৈমাসিক ৭ হাজার ১৫৬ ইউকে পাউন্ড ভাড়া পরিশোধ নিষ্পত্তি হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ের অনুমোদনবহির্ভূত চুক্তিপত্রের ভিত্তিতে ২০০৪ সালের এপ্রিল পর্যন্ত লিজ ভাড়া বাবদ বিমানকে ১ লাখ ২০ হাজার ৭৪৪ ইউকে পাউন্ড সমপরিমাণ ৯৬ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা পরিশোধ করা হয়েছে। যার মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে দুদক অনুসন্ধান করে পেয়েছে।