বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)

দেশে ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন ও আধুনিক রিসেলার সিস্টেম চালু

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ডটবিডি (.bd) সেকেন্ড লেভেল ডোমেইন। ১৯ জানুয়ারি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এই সেকেন্ড লেভেল ডোমেইন চালু করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এ উদ্যোগ দেশের আইটি ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিসিএলের ডোমেইন বিভাগ একই সঙ্গে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম চালু করেছে। এ উদ্যোগ দেশের আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগ্রহী গ্রাহকেরা বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশিত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারছেন।

ডিজিটাল সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সেগুলো হলো:

স্বীকৃত প্রতিষ্ঠানের নামের সুরক্ষা: যথাযথ ডকুমেন্ট ও বৈধ প্রমাণের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত বা স্বীকৃত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ডোমেইন–সংক্রান্ত অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যেসব কোম্পানি নিজের প্রতিষ্ঠানের বর্তমানের ডোমেইন নামের (example.com) বিপরীতে (example.bd) ডোমেইন ক্রয় করতে চায়, তাদের কোম্পানীর মালিকানার প্রমাণসহ আবেদন দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ভবিষ্যতে উদ্ভূত বিরোধ নিষ্পত্তিপ্রক্রিয়া বিটিআরসি এবং বিটিসিএলের জন্য দুরূহ হয়ে উঠবে।

সরকারি ওয়েবসাইটের অগ্রাধিকার: দেশের সব সরকারি দপ্তর ও সংস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে .bd সেকেন্ড লেভেল ডোমেইন নিবন্ধনের জন্য বিশেষভাবে বিটিসিএল থেকে অনুরোধ করা হয়েছে।

রাষ্ট্রীয় ও সংরক্ষিত নামের সুরক্ষা: ডোমেইন নামের সঙ্গে gov, govt অথবা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো আবেদন সাধারণভাবে গ্রহণ করা হবে না। উদ্দেশ্যমূলক প্রতারণা ও জালিয়াতির জন্য .gov.bd এবং .org.bd extension/String এর আগে–পরে অক্ষর যুক্ত করে ডোমেইন আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না। এ ধরনের কোনো ডোমেইন নাম ইতিমধ্যে নিবন্ধিত হয়ে থাকলে, বিটিসিএল সংশ্লিষ্ট ডোমেইনটি তাৎক্ষণিকভাবে বাতিল করার পূর্ণ এখতিয়ার সংরক্ষণ করে।

বিরোধ নিষ্পত্তিব্যবস্থা: ডোমেইন নাম–সংক্রান্ত যেকোনো ধরনের বিরোধ বা জটিলতা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে নিরসন করবে। এ–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাহকেরা নির্ধারিত ই-মেইল ঠিকানা info@btrc.gov.bd-এ প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সংযুক্ত করে লিখিতভাবে ডিসপুট আবেদন দাখিল করতে পারবেন। ডোমেইন বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে গঠিত সংশ্লিষ্ট কমিটি প্রতি মাসে দুবার সভা আয়োজন করে প্রাপ্ত ডিসপুট আবেদনগুলো পর্যালোচনা ও নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

নৈতিকতা ও শালীনতা নিশ্চিতকরণ: অশ্লীল, কুরুচিপূর্ণ, উসকানিমূলক বা নীতিবিরুদ্ধ শব্দযুক্ত ডোমেইনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

ডোমেইন ও সাবডোমেইন আবার বিক্রয় নিষিদ্ধ: বিটিআরসির ডোমেইন অ্যাডমিনিস্ট্রাটিভ গাইডলাইন অনুযায়ী, সম্মানিত গ্রাহক বা ব্যবহারকারী কর্তৃক ডোমেইন ক্রয় করে তা অন্য কারও কাছে আবার বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একই সঙ্গে সাবডোমেইন বিক্রি এবং লিজ দেওয়াও গাইডলাইন–পরিপন্থী।

নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবস্থা: উপরিউক্ত যেকোনো শর্ত লঙ্ঘন করে যদি কোনো ডোমেইন নিবন্ধন সম্পন্ন হয়, তবে বিটিসিএল সংশ্লিষ্ট ডোমেইনটি তাৎক্ষণিকভাবে বাতিল করার পূর্ণ এখতিয়ার সংরক্ষণ করে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহক কোনো প্রকার ক্ষতিপূরণ বা রিফান্ড (অর্থ ফেরত) পাওয়ার দাবি করতে পারবেন না।