
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশের উদ্যোগে ‘৫ম ন্যাশনাল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে এআইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী ৩৭টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৪০০ জনের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষককে সম্মানিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ৫ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, বাধন সোসাইটির চেয়ারপারসন ও হামিদ স্কুলের প্রতিষ্ঠাতা সীমা হামিদ, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবুবকর, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম ও তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশের উপদেষ্টা এম আবদুল্লাহ আল মামুন।
গত ৭ অক্টোবর তিন দিনব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, এআইইউবির সহ-উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান, তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশের উপদেষ্টা তাজুল ইসলাম ও এম আবদুল্লাহ আল মামুন এবং সেবা এক্সওয়াইজেডের সহপ্রতিষ্ঠাতা ইলমুল হক।