
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় বিএনপির একটি নির্বাচনী মিছিলে যোগ দিতে গ্যাস বেলুন নেওয়ার সময় বিস্ফোরণে ২১ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তাঁদের এখানে আনা রোগীদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন রমজান (১৮), রাফি (১২), বিজয় হাসান (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪), হাসু (৩৮), হাসনাত (১৮), রুবেল (৩৪), আলামিন (২১), রাব্বি (১২), হৃদয় (২২), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), আকাশ (১৮), নুরু (১৮), ইমরান (১৭) ও বিপ্লব (১৭)।
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিজয় হাসান জানায়, বিকেলে বিএনপির একটি নির্বাচনী মিছিলে যোগ দিতে গ্যাস বেলুন করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।