প্রথম আলো ফ্যাক্ট চেক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে ভুয়া তথ্যও ছড়াচ্ছে  

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এখন যুদ্ধাবস্থা চলছে মধ্যপ্রাচ্যে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। যুদ্ধবিমান উড়েছে, ছুটছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। তার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুয়া তথ্যের বিস্তার ঘটছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান শুরুর পরদিন রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাঁর শেষকৃত্যের দৃশ্য দাবি করে দুটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।

লিংক: লিংক: লিংক: লিংক:

যাচাইয়ের শুরুতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোর উৎস সম্পর্কে কিছু পাওয়া যায়নি। আলী খামেনির শেষকৃত্যের দৃশ্যের কোনো ছবি ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হলে ছবিগুলো দেশটির এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বসহ প্রচারিত হওয়ার কথা। কিন্তু কোথাও ছবিটি কিংবা এই দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ছবিগুলো পর্যবেক্ষণ করে কিছু অসংগতিও ধরা পড়ে। যেমন কফিনে আলী খামেনিকে চশমা ও সাধারণ পোশাক পরিহিত অবস্থায় রাখা হয়েছে এবং ছবি দুটিতে প্রায় সবকিছু একই রকম থাকলেও দুটির পটভূমির মধ্যে বেশ পার্থক্য লক্ষ করা যায়। এ ছাড়া ছবিগুলোতে একধরনের কৃত্রিমতা লক্ষ করা যায়। তা ছাড়া ছবিগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে এর মধ্যে একটির নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ দেখতে পাওয়া যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন ও এআই অর নট মাধ্যমে ছবিগুলো পরীক্ষা দেখা যায়, এগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানায়।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার ছবিকে খামেনির বাসভবনের বলে প্রচার

ফেসবুকে আরেকটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি আলী খামেনির বাসভবনে বাংকার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা।

লিংক: লিংক:

ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। গত ৫ জানুয়ারি পোস্টটি করা হয়। এতে ব্যবহৃত বেশ কিছু ছবির সঙ্গে খামেনির বাসভবনে হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টটি থেকে জানা যায়, মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলার ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখান থেকেই দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কারাকাস এলাকার এই কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন এবং যানবাহন ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

লিংক:

যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম সিবিসি নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪ জানুয়ারি দেওয়া একটি পোস্টেও আলোচিত ছবিগুলো পাওয়া যায়।

লিংক:

এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও ভিডিওটির কিছু দৃশ্য পাওয়া যায়। এখান থেকেও জানা যায়, ছবিগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটির।

লিংক:

অর্থাৎ খামেনির বাসভবনে বাংকার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ছবিগুলো ভেনেজুয়েলার। এটি মূলত গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা (Fuerte Tiuna) সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার স্যাটেলাইট ইমেজ।

ইসরায়েলে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও প্রচার

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

লিংক: লিংক: লিংক:

ভিডিওটির সত্যতা যাচাইয়ে সিরিয়ান সিভিল ডিফেন্সের এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রচারিত এক পোস্ট থেকে জানা যায়, ২২ এপ্রিল (২০২৫) পূর্ব আলেপ্পোর গ্রামাঞ্চলের আল-বাব শহরের একটি পেট্রোলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

লিংক:

সুতরাং ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

বিস্ফোরণ আর্জেন্টিনায়, দাবি করা হচ্ছে ইসরায়েলে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়েছে।

লিংক: লিংক: লিংক:

সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে গত বছরের ১৭ নভেম্বরে প্রকাশিত একটি শর্টস আসে। শর্টসটির শিরোনাম ছিল, ‘বুয়েনস এইরেসের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ফলে আঞ্চলিক পর্যায়ে পরিবেশগত সতর্কতা জারি করা হয়েছে।’

লিংক:

বিস্তারিত বিবরণে লেখা, ‘আর্জেন্টিনার বুয়েনস এইরেসের এজেজা এলাকার স্পেগাজিনি শিল্পপার্কে এক ভয়াবহ বিস্ফোরণের ফলে সেখানকার রাসায়নিক কারখানা এবং গুদামগুলোতে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’ ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে এ ভিডিওটি সাদৃশ্যপূর্ণ।

অধিকতর যাচাইয়ে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন সামনে আসে। বুয়েনস এইরেস টাইমসের ২০২৫ সালের ১৫ নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ১৫ নভেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রদেশের এজেজা এলাকার একটি শিল্পাঞ্চলে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর রাতে দক্ষিণ বুয়েনস এইরেসের ওই শিল্পাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ঘটনায় অন্তত ২২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

লিংক: লিংক:

অর্থাৎ আর্জেন্টিনার পুরোনো ভিডিও ছড়াচ্ছে ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের হামলার দাবিতে।

আরেকটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরান বোমা হামলা চালিয়েছে।

লিংক: লিংক: লিংক:

সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করতে গিয়ে বার্তা সংস্থা এপির ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে। ভিডিওটির শিরোনাম ছিল, ‘ডেনভার বিমানবন্দরে ধোঁয়াচ্ছন্ন একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা দ্রুত নেমে যাচ্ছেন।’

লিংক:

অধিকতর যাচাইয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন সামনে আসে। এ প্রতিবেদনগুলোতেও ছড়িয়ে পড়া ভিডিওটি দেখা যায়।

লিংক: লিংক: লিংক:

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন–এর ২০২৫ সালের ২৭ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নকালে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ‘সম্ভাব্য ল্যান্ডিং গিয়ার দুর্ঘটনা’র ফলে আগুন ধরে যায়। এ ঘটনায় বিমানের ১৫০ জনের বেশি যাত্রীকে রানওয়েতে সরিয়ে নেওয়া হয়।

লিংক: