
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা, দুজন বরিশাল ও দুজন সিলেট বিভাগের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ জনের মৃত্যু হলো। আর হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৭২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।