সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের কোচিং কার্যক্রমে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিচারকদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। এ ছাড়া কোচিংসংক্রান্ত প্রচারে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না। এমন ব্যবহার অনুমোদন করাও নিষিদ্ধ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা যাবে না।

একই সঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদন, প্রকাশ বা সরবরাহের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিপত্রে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাসংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।