বিকাশের উদ্যোগে ‘বই অনুদান কেন্দ্র’

বই পড়ার আনন্দ ছড়াবে সকল প্রাণে...

কথাসাহিত্যিক আনিসুল হকের হাত থেকে বই নেওয়া ছিল বাড়তি পাওনা।
কথাসাহিত্যিক আনিসুল হকের হাত থেকে বই নেওয়া ছিল বাড়তি পাওনা।

ফেব্রুয়ারি—ভাষার মাস। বইমেলার মাস। বইমেলা নিয়ে বড়দের যেমন পরিকল্পনার শেষ নেই, তেমনি শিশুরাও প্রতীক্ষায় থাকে বইমেলার। মা–বাবার হাত ধরে মেলায় যাবে, পছন্দের বই কিনবে, বাসায় এসে সেই বইয়ের মাধ্যমে ডুবে যাবে অন্য এক জগতে। কিন্তু এমন অনেক শিশু আছে, যারা শুধু বইমেলার খবর শুনে যায়, দেখা হয় না তাদের চোখ মেলে। বইমেলা তাদের পত্রিকায় দেখা অথবা টেলিভিশনের পর্দায় উপভোগের বিষয়।

বলছিলাম সুবিধাবঞ্চিত শিশুদের কথা। তাদের কখনো বইমেলা ঘুরে দেখা হয় না। গল্পের বইয়ের ভেতরে ডুবে যাওয়া হয় না। সুবিধাবঞ্চিত শিশুদের এই অপ্রাপ্তি মেটাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ দাঁড়িয়েছে তাদের পাশে। মেলায় বিকাশ আয়োজন করেছে ‘বই অনুদান কেন্দ্র’। এখান থেকে সংগৃহীত বই ও বিকাশের কিনে দেওয়া বই সুবিধাবঞ্চিত শিশুদের লাইব্রেরিতে বিতরণ করা হবে। ফলে শিশুরা লাইব্রেরি থেকে পছন্দের বই নিয়ে পড়তে পারবে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় চতুর্থবারের মতো এই আয়োজন করেছে বিকাশ। ১০ ফেব্রুয়ারি এই অনুদান কেন্দ্রে দেখা যায় শিশুদের কিচিরমিচির ধ্বনি। স্কুল ড্রেস পরে তারা রাজশাহী থেকে এসেছে বিকাশের আয়োজনে। মেলা ঘুরে দেখে, মজার গল্পের বই উপহার পেয়ে তাদের দিনটি বর্ণিল হয়ে ওঠে।

কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের হাত থেকে বই নেওয়া ছিল বাড়তি পাওনা। এ সময় আনিসুল হক বলেন, বই শিশুদের মনের জানালা খুলে দেয়। শিশুদের আলোকিত করার জন্য বইয়ের বিকল্প নেই। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দেওয়ার এই পদক্ষেপ বিকাশের এক অনন্য উদ্যোগ।

আলোর পাঠশালার এক শিক্ষার্থী প্রথমবারের মতো এসেছিল বইমেলায়। কেমন লাগছে, এ প্রশ্নের উত্তরে সে বলে, ‘আগে শুধু টিভিতে দেখতাম। এখন স্বপ্ন পূরণ হয়েছে। আমিও বইমেলায় এসেছি। বই পেয়েছি অনেক। আমি অনেক খুশি।’

উপহার পাওয়া বই হাতে আরেক শিশু বলে, ‘স্কুলের বই ছাড়া তো অন্যান্য বই আমরা পড়তে পারি না। স্কুল থেকে আমাদের নিয়ে এসেছে, এই বইগুলো আমি পড়তে পারব। এইগুলো আমার বই, এটা অনেক আনন্দের আমার কাছে।’

শিশুদের এমন আনন্দ–উচ্ছ্বাস ছুঁয়ে গেছে তাদের শিক্ষকদেরও। এক শিক্ষক জানান তাঁর অনুভূতি, ‘এত দূর থেকে শিশুদের আমরা নিয়ে এসেছি, এখন ওদের এই বই উপহার পাওয়া, ওদের হাসিখুশি মুখ দেখে অনেক ভালো লাগছে।’

‘আপনার অনুদানে বই পড়ার আনন্দ ছড়াবে সকল প্রাণে...’ এমন আহ্বানে সেজেছে বইমেলা প্রাঙ্গণে বিকাশের পাঁচটি বুথ। যেখানে লেখক-পাঠক ও যেকোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি শিশুদের বই উপহার দিতে পারবেন। মেলার এই আয়োজন ছাড়াও শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিকাশের এই ভিন্নধর্মী উদ্যোগ পরিচালিত হবে বিভিন্ন স্কুলের পাঠাগারে, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিতে ও বৃদ্ধাশ্রমে।

বই যেন হয় সবার নিত্যসঙ্গী। বইয়ের আলোকে আলোকিত হবে সুবিধাবঞ্চিত শিশুরা—এমনটাই মনে করেন বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম। তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা মেলায় আসার সুযোগ পায় না। তারা বই পড়তে চায়, কিন্তু তারা বই পাবে কোথায়? লেখক-পাঠক কিংবা যাঁরা আগ্রহী, তাঁরা যদি শিশুদের বই উপহার দেন, তাহলে তারা পাঠ্যবই পড়ার পাশাপাশি সুন্দর সুন্দর গল্পের বইও পড়তে পারবে। শিশুরা সুন্দর। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, বই অনুদান কেন্দ্রের পাঁচটি বুথে বইমেলার প্রথম দিকেই জমা পড়েছে ২০ হাজারের মতো বই। এ বছর বিকাশের এই উদ্যোগে সহায়তা করছে প্রথম আলো ট্রাস্ট।