
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–৩০০১ ফ্লাইটটি আজ শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) কামরুল ইসলাম।
এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ব্যবস্থাপক রায়েদ বাকশাউন।
গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেন।